সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর এবং বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে বয়সসীমা সম্পূর্ণ উন্মুক্ত করার দাবিতে আন্দোলন করেছে ‘চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়সবৃদ্ধি আন্দোলন’।

শনিবার শাহবাগে সংগঠনটির পক্ষ থেকে আহ্বায়ক মামুনুর রশিদ রতন প্রচারপত্রের মাধ্যমে ৯ দফা সম্বলিত একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রচারপত্রে উল্লেখিত ৯টি প্রধান দাবি তুলে ধরে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড এবং উন্নত ও উন্নয়নশীল দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর পর্যন্ত বর্ধিত করা।

তারা বলেন, এনটিআরসিএ (NTRCA), প্রাইভেট ও বিশেষায়িত ব্যাংক, এনজিও, রিসার্চ ফার্ম, আন্তর্জাতিক সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান, প্রাইভেট হাসপাতাল, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা সম্পূর্ণ তুলে নিতে হবে।

দাবিতে আরও বলা হয়, প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান এবং চূড়ান্ত ফলাফলের পূর্বে সকল পরীক্ষার পূর্ণ নম্বরপত্র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা।

একই দিনে ও একই সময়ে সম-গ্রেড বা বিভিন্ন গ্রেডের একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা (এমনকি ১৭টিরও বেশি পরীক্ষা) আয়োজনের বৈষম্যমূলক চর্চা বন্ধ করা।

পিএসসি (PSC)-এর মাধ্যমে কেবল রাজস্ব খাতের নিয়োগ পরীক্ষা পরিচালনা করা এবং অন্যান্য খাতের জন্য পিএসসির আদলে পৃথক কমিশন গঠন করা; পাশাপাশি উভয় কমিশনের স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন অডিট/তদন্ত কমিশন গঠন করা।

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্ধারিত ৩২ বছরের বয়সসীমা প্রত্যাহার করে অনতিবিলম্বে ন্যূনতম ৪০ বছর করা।

এ ছাড়া বিগত দেড় বছরে (২০ জানুয়ারি ২০২৫ হতে ৯ আগস্ট ২০২৬) ৩২ বছরের সীমা প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলনকারী নির্যাতিত ও বঞ্চিত শিক্ষার্থীদের দ্রুত আবেদনের সুযোগ দেওয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাষ্ট্র মেরামতের ৩১ রূপরেখার ২৩ নম্বর দফায় উল্লিখিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরির বয়সসীমা সংক্রান্ত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা।

বক্তারা বলেন, ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রশ্নফাঁস, দলীয় বিবেচনা, প্রক্সি বাণিজ্য, সেশনজট, করোনা মহামারি ও দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত মেধাবীদের উন্নত বাংলাদেশ গঠনে সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী সুযোগ প্রদান করা।

সংগঠনটির আয়োজকবৃন্দ এসব দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সকল চাকরিপ্রার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন