আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হজের ভিসা আবেদন শুরু আজ থেকে

আমার দেশ অনলাইন

হজের ভিসা আবেদন শুরু আজ থেকে

২০২৬ সালের হজ মৌসুমের জন্য রোববার থেকে হজ ভিসা আবেদন শুরু করার কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

হজ অনুবিভাগের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া জানিয়েছেন, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ ভিসা ইস্যু নিয়ে দেয়া ঘোষণা অনুযায়ী ভিসার আবেদন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২০শে মার্চ পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগে অনেকে শেষ সময়ে এসেও ভিসার আবেদন করতে পারতেন, কিন্তু এ বছর অনেক আগে থেকেই সব সম্পন্ন করতে বলা হয়েছে।”

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, হজযাত্রীদের নিরাপত্তা বা সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি সরকার নুসুক কার্ড ইস্যু করে থাকে। শেষ সময়ে ভিসা করায় গত বছর সে কার্ড পেতে হজযাত্রীদের অনেক সমস্যা হয়েছিলো। তাই এবারে তারা সময় বেধে দিয়েছে যেন হজযাত্রা আরো সুশৃঙ্খল করা যায়।

চলতি বছর যারা হজে যেতে আগ্রহী তাদের ২০শে মার্চের মধ্যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

এ সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ এবং ২০শে মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ই এপ্রিল থেকে।

সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন