সাবেক প্রতিমন্ত্রী এনামুরের নামে দুদকের মামলা, স্ত্রীর তথ্য তলব

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের নামে দুদকের মামলা, স্ত্রীর তথ্য তলব

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

একই সঙ্গে তার স্ত্রী রওশন আক্তার চৌধুরীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলেরও নোটিশ জারি করা হয়েছে।

আক্তার হোসেন বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ছয় কোটি ৫০ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাঁচটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৬৯ লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীর নামে ২৮ কোটি ২৬ লাখ টাকার বেশি সম্পদ পাওয়া যায়। তার নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে, এমন ধারণায় সাবেক এই প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

এজাহারে আরও বলা হয়, ডা. এনামুর রহমানের নামে মোট আট কোটি ৫৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া যায়। এ সময়ে তার মোট গ্রহণযোগ্য আয় পাওয়া যায় দু’কোটি দু’লাখ টাকার বেশি। এনামুর রহমানের পাঁচটি ব্যাংক হিসাবে ছয় কোটি ৪৩ লাখ টাকার বেশি সন্দেহজনক জমা ও ছয়কোটি ২৬ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়।

এনামুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন