প্রেস সচিবের দায়িত্ব শেষ হলে কী করবেন, জানালেন শফিকুল আলম

প্রেস সচিবের দায়িত্ব শেষ হলে কী করবেন, জানালেন শফিকুল আলম

প্রেস সচিবের দায়িত্ব শেষ হলে পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না এবং কোনো রাজনৈতিক দলের প্রতি মোহ নেই বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম লেখেন—‘আমার কিছু বই লেখার পরিকল্পনা আছে। আমি চাইলে সারা জীবন শুধু জুলাই অভ্যুত্থান নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি। আমি জীবনে কখনও এত স্বতঃস্ফূর্ত, সাহসী, প্রাণবন্ত ও বিস্তৃত রাজনৈতিক আন্দোলন দেখিনি।’

তিনি লেখেন—আমার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর কী করব, তা নিয়ে কিছু জল্পনা-কল্পনা চলছে। কিছু বন্ধু-বান্ধব আমাকে বলেছেন, আমি নাকি কোনো শীর্ষ রাজনৈতিক দল কিংবা সদ্য গঠিত কোনো নতুন দলে যোগ দিচ্ছি, প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব শেষ করার পর। সত্যি বলতে, আমার কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো মোহ নেই আর এমপি বা বড় কোনো রাজনৈতিক নেতার জীবনযাপনেও আমার আগ্রহ নেই।

প্রেস সচিব লেখেন, সিঙ্গাপুর বা ইউরোপের মতো জায়গাগুলোর বিপরীতে, আমাদের দেশে রাজনৈতিক নেতৃত্ব সাধারণত কোনো আর্থিক নিশ্চয়তা দেয় না, যদি না আপনি দুর্নীতিগ্রস্ত হন।

তিনি আরও লেখেন, এই পরিবর্তনের পথে আমি কি নিরাপদ থাকবো? গত কয়েক মাসে আমি আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে প্রচুর হুমকি পেয়েছি। তবে হতে পারে— এটা হচ্ছে কিছু হতাশাগ্রস্ত মানুষের চিৎকার, যারা জনগণের শেষ সমর্থনটুকুও হারিয়ে ফেলেছে। আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমি আশাবাদী।

গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান তৎকালীন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলম। এরপর থেকেই এ পদে দায়িত্ব পালন করছেন শফিকুল আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন