বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন মামলার বিষয়টি সাংবাদিতকদের নিশ্চিত করেছেন।
তার ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩৭ লাখ টাকার বেশি টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
বিদেশে সম্পদের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, আমেরিকার নিউইয়র্কের স্ট্রিট জ্যামাইকায় আফতাব স্কাইভিউ টাওয়ারে ৪৯ লাখ ৬০ হাজার ডলারের অ্যাপার্টমেন্ট, জ্যামাইকার ১৪৮ স্ট্রিট বিটুইন ৮৯ অ্যাভিনিউয়ে বহুতল ভবনে ১৯ লাখ ৬০ হাজার ডলারের বিনিয়োগ, নিউইয়র্কের লট জ্যামাইকায় ১৪ লাখ ২০ হাজার ডলারের বিনিয়োগের প্রমাণ পেয়েছে দুদক। সব মিলিয়ে ৮৩ লাখ ৪০ হাজার ডলার বা ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার সম্পদ (১ ডলার ৭৫-৭৭ টাকা হিসাবে) থাকার প্রমাণ পেয়েছে দুদক।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তাঁর বিরুদ্ধে তমাল মনসুরের বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

