ভোলার দৌলতখান উপজেলায় কর্মহীন জেলেদের জন্য সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য বরাদ্দের চাল কম দেওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর এ উদ্যোগ নেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরে নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয় তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

