প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের প্রতি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসার আহ্বান জানিয়েছেন, যাতে মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো জানতে পারে। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সাথে আজ সোমবার দুপুরে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া তিনি সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের এই প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম ও মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।
সম্পাদকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সম্পাদকরা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের যেন গ্রেপ্তার করা না হয় সে আহ্বান জানান । তারা বলেন, সংবাদ প্রকাশে কেউ সংক্ষুব্ধ হলে আদালতের সমন জারি ছাড়া পুলিশ যেন সংবাদ প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার না করে। তবে ফৌজদারি অপরাধের বিচার প্রচলিত আইনে হতে পারে। সম্পাদকরা মিডিয়া কমিশনের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেন। একই সাথে প্রেস কাউন্সিলকে পুনরুজ্জীবিত করে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। সম্পাদকরা দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, সাপ্তাহিক বিচিত্রাসহ প্রেসট্রাস্টের গণমাধ্যমগুলো আবার চালু করার দাবি জানান, যাতে সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


