মালদ্বীপে বসবাসরত অনথিভুক্ত বাংলাদেশি প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রাশেদের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মালদ্বীপে বাংলাদেশিরা কাজ করছেন মূলত পর্যটন ও মৎস্য শিল্পে। দেশটিতে বেশ কিছু বাংলাদেশি চিকিৎসকও কাজ করছেন।
মালদ্বীপের হাইকমিশনার জানান, তার দেশের শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে চিকিৎসা শিক্ষায় অধ্যয়ন করছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে মালদ্বীপের হাইকমিশনার বলেন, বাংলাদেশ থেকে ওষুধসহ আমাদের আমদানি বেড়েছে এবং মালদ্বীপের উন্নয়ন দৃষ্টিভঙ্গি দুই দেশের মধ্যে সহযোগিতার আরও সুযোগ সৃষ্টি করবে। কিছু বাংলাদেশী কোম্পানি মালদ্বীপে ব্যবসা স্থাপন করেছে এবং গত বছরে মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ১৭.৫ শতাংশ বেড়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রচারণায় ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডে আপনার প্রতিশ্রুতিতে আমরা সত্যিই উৎসাহিত হয়েছি, এবং মালদ্বীপ জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

