নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সরকারি-সেসরকারি সংগঠনের নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেয় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলসহ অদম্য ৫ নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।

সম্মাননা পাওয়া নারীরা হলেন- অর্থনীতিতে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্যে মো. মুহিন (মোহনা)।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেছেন, সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক। এটি ‘নতুন বাংলাদেশ’ এর যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই ‘নতুন বাংলাদেশে’ নারী-পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতিসহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

অধিকার প্রতিষ্ঠায় নারীদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে নারীরা যেভাবে সহিংসতার শিকার হচ্ছেন, তা খুবই উদ্বেগজনক। এটা যদি চলতে থাকে এবং তালেবানি অন্ধকার আমাদের গ্রাস করে তাহলে এই রাষ্ট্রই হুমকিতে পড়বে। তাই এখনই সতর্ক হতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও মোমিন হোসেন, প্রেস ক্লাবের সদস্য শিরিন সুলতানা, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, উল্কা হোসেন, মাহাশরুপা টুবন, দেওয়ান মাসুদা সুলতানা প্রমুখ। স্বাগত বক্তব্যে নারী দিবসের ইতিহাস ও প্রতিপাদ্য তুলে ধরেন কাজী রওনক হোসেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর বনানী এলাকার বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত রিকশা র‌্যালির আয়োজন করা হয়। এতে ব্লাস্ট কিশোর কিশোরী ও ব্লাস্ট নারী ফুটবল দল অংশ নেয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করে। এ উপলক্ষে নারী সদস্যদের সম্মানে গিফট প্রদান করা হয়। গিফট প্রদান অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ, সহ-সভাপতি গাযী আনোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় নারী সদস্যদের আড্ডায় ডিআরইউ চত্বর ও বাগান ছিল উৎসবমুখর।

নারী নির্যাতন বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির দাবি জানিয়েছে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ। তাছাড়া কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি গঠন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবি জানায় সংগঠনটি।

শনিবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার, নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, বিচারের আওতায় আনা, হত্যা-গুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। পাশাপাশি নারীর কর্মের মজুরি বৈষম্য, সম-অধিকার প্রতিষ্ঠা করা, আইএলও কনভেনশন ১৯০/১৮৯ অনুসমর্থন এবং সর্বক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করারও জোর দাবি জানান তারা।

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তারে সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তার, আওয়াজ ফাউন্ডেশনের সভাপতি মমতাজ বেগম, বিলস পরিচালক নাজমা ইয়াসমীন, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাবলুর রহমান, সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নিগার সুলতানা।

নারী মানুষ হিসাবে সম্মান চায়। তাদের সিদ্ধান্তের সম্মান ও মূল্যায়ন চায়। মেধার মানদণ্ডে কোন পার্থক্য নেই। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫" উপলক্ষে ধানমন্ডি ডাব্লিউ ভি এ মিলনায়তনে সম্মিলিত নারী প্রয়াসের এক আলোচনা সভায় প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস এসব কথা বলেন। জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, যুদ্ধ শুরু হয়েছে। আমি জুলাই আন্দোলনের কথা বার বার বলি কারণ আমরা ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দীর্ঘ যাত্রা আমরা শুরু করেছি। প্রফেসর সায়মা আরও বলেন সমাজে অনেকে পুরুষ বিদ্বেষী হয়ে উঠছেন। একজন ধর্ষণকারী সে পুরুষ নন, তিনি শুধুই একজন ধর্ষক। জুলাই গণ আন্দোলন সফল হয়েছে তার বড় একটা কারণ হাজার মায়েরা তাদের সন্তানদের এগিয়ে দিয়েছেন। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সহ সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর কবিতা ’আমি ছাত্র’ ভিডিও এর মাধ্যমে উপস্থাপন করা হয়।

সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, ফারহান, মুগ্ধর মা আজ সকলের মা। মা, মাতৃভূমি এ যে এক তা আজ আমরা বুঝতে পারছি। আন্তর্জাতিক নারী দিবস বিশ্বে পালিত হচ্ছে ১’শ বছর। বাংলাদেশে ৫০ বছর ধরে পালিত হচ্ছে। এখনও আমাদের অধিকারের কথা বলতে হয়। তাহলে মানবাধিকারের কি মানে। নারী কি তাহলে মানুষ নয়। আমরা নির্যাতিত হতে হতে নিজের পরিচয় ভুলে গেছি। বিশেষ অতিথি জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের মা ফারহানা দিবা রমজান মাসে ছেলের জন্য রহমতের দোয়া চান সবার কাছে। এখন প্রতি মুহূর্তে তার সময কাটে ছেলের

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি ড. প্রফেসর শামীমা তাসনীম। সভায় আরো ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল, সহ-সভাপতি প্রফেসর ড. আবিদা সুলতানা ও ডা. ফাতেমা ইয়াসমিন। উপস্থাপনায় ছিলেন সহ-সেক্রেটারি মাহসিনা মমতাজ মারিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন