পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন

পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন

বাংলাদেশ পুলিশে নতুন চার হাজার উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মোট ১৪ হাজার নতুন এই জনবল নিয়োগের ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ পুলিশ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের কার্যক্রম শুরু করতে পারবে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগ হতো। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিতে একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনাও করছে সরকার।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশে বর্তমানে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। অন্যদিকে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। প্রক্রিয়া বিবেচনা করে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেই শূন্য দুই হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। অর্থাৎ চলমান প্রক্রিয়ায় মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নতুন অনুমোদিত পদের বাকি ছয় হাজার কনস্টেবল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নেওয়া হবে।

এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩০ অক্টোবর আবেদন শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ ছিল না। তবে পদসংখ্যা বেড়ে ছয় হাজারে উন্নীত হলে আগের বিজ্ঞপ্তির তুলনায় এবার প্রার্থীদের প্রতিযোগিতা অনেক সহজ হবে। কারণ, গত এপ্রিলের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন পড়েছিল ১ লাখ ২৬ হাজার। তখন প্রতি পদের জন্য লড়েছিলেন ৪৭ জন। এবার পদের সংখ্যা বাড়ায় প্রতি পদের জন্য লড়বেন গড়ে ১৭ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন