কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোরআনে আলোচনা নেই কেন, জবাবে যা বললেন ড. জাকির নায়েক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোরআনে আলোচনা নেই কেন, জবাবে যা বললেন ড. জাকির নায়েক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কম্পিউটার প্রযুক্তির ক্রমবর্ধমান ক্ষমতা নিয়ে ড. জাকির নায়েকের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন নিসা নামের এক নারী। তিনি আরবি ও কোরিয়ান ভাষার অনুবাদক। তাঁর বস ধর্মে বিশ্বাসী নন। তবে মানুষের সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং এর সম্ভাব্য বিপজ্জনক ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। তাঁর প্রশ্ন, কোরআনে এসব প্রযুক্তি সম্পর্কে কোনো আলোচনা নেই কেন? এ প্রশ্নের সন্তোষজনক উত্তর পেলে তাঁর বস ইসলাম গ্রহণের বিষয়টিও বিবেচনা করবেন বলে জানান নিসা।

বিজ্ঞাপন

জবাবে ড. জাকির নায়েক বলেন, কোরআন বিজ্ঞানের বই নয়, বরং নিদর্শনের বই। বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রকৌশল কিংবা বিভিন্ন গবেষণার সব খুঁটিনাটি তথ্য যদি কোরআনে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এটি বিশাল আকারের একটি গ্রন্থে পরিণত হতো। একজন মানুষের পক্ষে জীবদ্দশায় সেই গ্রন্থ পড়া শেষ করাও কঠিন হয়ে পড়ত।

তিনি ব্যাখ্যা করেন, কোরআনের মূল উদ্দেশ্য মানুষকে আল্লাহর পরিচয়, সৃষ্টিজগতের নিদর্শন এবং জীবনের সঠিক পথ সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। এতে বিজ্ঞান ও মহাবিশ্ব সম্পর্কে যেসব তথ্য এসেছে, সেগুলো নির্ভুল ও সত্য। মানুষের জ্ঞান ও গবেষণা সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও আল্লাহর বাণী অপরিবর্তনীয়।

ড. জাকির নায়েকের মতে, আধুনিক বিজ্ঞান দীর্ঘদিন গবেষণার পর যেসব সত্য আবিষ্কার করছে, তার কোনো কোনো বিষয়ে কোরআনে আগেই ইঙ্গিত পাওয়া যায়। কোরআনের বক্তব্য ও পরবর্তী বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে সামঞ্জস্যকে তিনি কোরআনের অলৌকিকত্বের অন্যতম দিক হিসেবে তুলে ধরেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও কোরআনের বিধানের প্রাসঙ্গিকতা

কোরআনের বিধান সময়ের পরিবর্তনের সঙ্গে প্রাসঙ্গিকতা হারায় না, তা বোঝাতে ড. জাকির নায়েক ইসলামী বিচারব্যবস্থায় সাক্ষ্য ও প্রমাণের গুরুত্বের উদাহরণ তুলে ধরেন।

ভিডিও রেকর্ডিং বা সিসিটিভি ফুটেজের তুলনায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত প্রমাণ সব সময় নির্ভুল বা নির্ভরযোগ্য নাও হতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ডিপফেক ভিডিও তৈরি করে কাউকে এমন কোনো কাজ করতে দেখানো সম্ভব, যা বাস্তবে সে করেনি। তাই ভিডিও ফুটেজকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

তাঁর বক্তব্য অনুযায়ী, প্রযুক্তির এমন অপব্যবহারের সম্ভাবনা আগে মানুষের কল্পনার বাইরে থাকলেও ইসলামী বিধান প্রমাণ ও সাক্ষ্যের ক্ষেত্রে যে সতর্কতার শিক্ষা দেয়, তা বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজেও গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যত উন্নতই হোক, সত্য যাচাই এবং ন্যায়বিচারের মৌলিক নীতিগুলো উপেক্ষা করা যায় না।

এআই কি দাজ্জাল?

কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় ক্ষমতা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, এআই কি দাজ্জালের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়? এ প্রসঙ্গে ড. জাকির নায়েক বলেন, দাজ্জাল কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট কিংবা প্রযুক্তিগত ব্যবস্থা নয়; বরং হাদিসের বর্ণনা অনুযায়ী সে একজন মানুষ। তাই আধুনিক কোনো প্রযুক্তিকে সরাসরি দাজ্জাল আখ্যা দেওয়া কিংবা প্রতিটি নতুন আবিষ্কারকে কিয়ামতের আলামত হিসেবে চিহ্নিত করা সঠিক নয়।

প্রযুক্তির যুগে মুমিনের করণীয়

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তৈরি একটি প্রযুক্তি, যা কল্যাণকর ও ক্ষতিকর—উভয় কাজেই ব্যবহার হতে পারে। শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও দৈনন্দিন জীবনে এটি মানুষের জন্য নানা সুযোগ তৈরি করছে। অন্যদিকে ডিপফেক, প্রতারণা, বিভ্রান্তি ছড়ানো এবং প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তির মতো ঝুঁকিও বাড়ছে।

এ অবস্থায় একজন মুমিনের দায়িত্ব হলো প্রযুক্তিকে সচেতনভাবে ব্যবহার করা, মিথ্যা ও প্রতারণা থেকে বেঁচে থাকা এবং প্রযুক্তির মোহে নিজের ঈমান ও আখিরাতের প্রস্তুতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।

দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ ও পাঠ করার নির্দেশ দিয়েছেন। তাই প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগেও আল্লাহর ওপর বিশ্বাস, কোরআন-সুন্নাহর শিক্ষা এবং আখিরাতমুখী জীবন গড়ে তোলাই একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...