ইসলাম ধর্মে আজান শোনার পর তার জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি সুন্নাহ। তবে মুসলিম সমাজের একটি বড় অংশ আজান শুনলেও এর জবাব দেওয়ার গুরুত্ব ও নিয়ম সম্পর্কে অজ্ঞতার কারণে এ আমল থেকে দূরে রয়েছেন।
শুক্রবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে প্রচারিত ‘হারিয়ে যাওয়া সুন্নাহ’ সিরিজের ১১তম পর্বের এক বিশেষ আয়োজনে আজানের জবাব দেওয়ার এই সুন্নাহ পুনরুজ্জীবিত করার আলোচনায় এসব কথা বলেন শায়খ আহমাদুল্লাহ।
আজানের জবাবের গুরুত্ব ও ফজিলত
শায়খ আহমাদুল্লাহ বলেন, সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমরা যখন মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলো।” অর্থাৎ আজানের জবাব দাও।
অন্য একটি হাদিসে এসেছে, মুয়াজ্জিন যা বলেন, তার প্রতি পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে কেউ যদি একই কথা বলে আজানের জবাব দেন, তবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।
এ ছাড়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত হাদিস অনুযায়ী, আজানের জবাব দেওয়ার পর রাসূলুল্লাহ (সা.)-এর ওপর দরুদ পাঠ এবং তাঁর জন্য ‘ওয়াসিলা’ (জান্নাতের সর্বোচ্চ মর্যাদা) প্রার্থনা করলে রাসূলুল্লাহ (সা.)-এর সুপারিশ পাওয়ার অধিকার অর্জিত হয়।
যেভাবে দিতে হবে আজানের জবাব
হাদিসের আলোকে আজানের জবাব দেওয়ার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মুয়াজ্জিন যখন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলবেন, তখন শ্রোতাকেও একইভাবে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলতে হবে।
মুয়াজ্জিন যখন ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবেন, তখন জবাবেও একই বাক্য বলতে হবে। একইভাবে ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বললে শ্রোতাকেও অনুরূপ বলতে হবে। তবে এ সময় আঙুলে চুমু দিয়ে চোখে লাগানোর যে প্রচলন সমাজে রয়েছে, তার কোনো ভিত্তি বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না।
অন্যদিকে, মুয়াজ্জিন যখন ‘হাইয়া আলাস সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’ বলবেন, তখন জবাবে ‘লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হবে।
ফজরের আজানের জবাব
ফজরের আজানে ‘আসসালাতু খাইরুম মিনান নাওম’ শোনার পর অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, এর জবাবেও ‘আসসালাতু খাইরুম মিনান নাওম’ বলাই সুন্নাহ।
ইকামতের সময় করণীয়
ইকামতে ‘কাদ কমাতিস সালাহ’ বলার জবাবে ‘আকামা আল্লাহু ওয়া আদামাহা’ বলার কথা বিভিন্ন ফিকাহর গ্রন্থে উল্লেখ থাকলেও বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। তাই এ ক্ষেত্রে ‘কাদ কমাতিস সালাহ’ বলাই অধিকতর সঠিক।
আজান চলাকালীন করণীয়
পূর্বসূরি তাবেঈ ও সাহাবিগণের আমল থেকে জানা যায়, তাঁরা আজান চলাকালীন কুরআন তিলাওয়াতের মতো সম্পূর্ণ নীরব থাকতেন এবং কথাবার্তা বন্ধ রেখে মুয়াজ্জিনের কথার সঙ্গে সঙ্গে জবাব দিতেন। তাই আজান চলাকালীন অপ্রয়োজনীয় কথা বলা কিংবা অন্যমনস্ক থাকা থেকে বিরত থাকা উচিত।
শায়খ আহমাদুল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত আজানের যথাযথ জবাব দেওয়ার এই সুন্নাহ নিজেদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


