সিলেটের দুইটি উপজেলায় আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে জেলার ছয় উপজেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেইসাথে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশও দায়িত্বরত আছে।
সিলেটের ১৩টি উপজেলার মাঝে ছয়টি উপজেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেগুলো হলো– কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা।
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় আহত হন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
এর প্রতিবাদে এনসিপি বুধবার সমাবেশ ডাকলে ছাত্রদল একই স্থানে সমাবেশ ডাকে।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা বাহুবল থেকে মৌলভীবাজার ফিরে যান।
বুধবার রাতে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ১০০ জনের নামে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এনসিপি।
শুক্রবার আরো তিন উপজেলায় এ পদযাত্রা করার কর্মসূচি রয়েছে এনসিপির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


