সন্তানকে বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করুন: জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সন্তানকে বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করুন: জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা

জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার অতিরিক্ত তাড়না না দিয়ে আপনার সন্তানকে বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রস্তুত করুন, মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন।

শুক্রবার রাজধানীতে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আয়োজনে উপজেলাভিত্তিক Startup, Science Project and Innovation Idea Showcasing উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ আয়োজন করে।

বিজ্ঞাপন

সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে অভিভাবকদের উদ্দেশে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, আপনারা সন্তানদের পাশে থাকুন, তাদের আগ্রহকে উৎসাহ দিন এবং ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করার অনুপ্রেরণা দিন।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বিএনপি সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য নতুনকুঁড়ি এবং খেলাধুলার জন্য নতুনকুঁড়ি স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing’ প্রতিযোগিতা।

তিনি বলেন, প্রতিটি শিশুর ভেতর কোনো না কোনো বিশেষ প্রতিভা রয়েছে। সেই প্রতিভা খুঁজে বের করা এবং বিকাশের সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখতেন। সেই চিন্তা থেকেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

উপদেষ্টা আরো বলেন, এখন শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না। বর্তমান বিশ্বে সফল হতে হলে নতুন কিছু ভাবতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে জানতে হবে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করার ক্ষমতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে অনুসন্ধিৎসা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনার ক্লাসের প্রতিটি শিক্ষার্থীকে নিজের স্বকীয়তা দিয়ে মূল্যায়ন করুন, তাঁকে তার যোগ্যতা অনুযায়ী সামনে এগিয়ে যেতে উৎসাহ দিন। তারা যেন অন্ধভাবে সবকিছু মেনে নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব বিচার-বুদ্ধি, যুক্তি ও বিবেকের আলোকে সিদ্ধান্ত নিতে শেখে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...