আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

আমার দেশ অনলাইন

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১১০ মার্কিন ডলার ছাড়িয়েছে। যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি প্রথম সফর হবে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

সফরে জ্বালানি আমদানি ও পানিবণ্টন চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এ সফরে গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং ভারত থেকে আরো জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে।

ভারতীয় সূত্রগুলো জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২৭-এর সভাপতি পদের জন্য বাংলাদেশ নমিনেশন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। তিনি এ ক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারেন বলেও জানায় হিন্দুস্তান টাইমস। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বাড়তি জ্বালানি, বিশেষ করে ডিজেলের সরবরাহ নিয়ে কথা বলবেন। ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গে ড. খলিলুর রহমানের আলোচনা হতে পারে।

১৯৯৬ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের তিন দশক মেয়াদি পানি বণ্টন চুক্তি হয়। ওই বছরের ডিসেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। মেয়াদ প্রায় শেষ হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদল উভয় দেশে চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন