রূপনগরে অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের বিচার দাবি অধিকারের

রূপনগরে অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের বিচার দাবি অধিকারের

রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে তদন্তের ফলাফল দ্রুত জনসমক্ষে প্রকাশ এবং এই ঘটনায় জড়িত সকল ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য অধিকার সরকারের প্রতি আহবান জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় তিনতলা ভবনে স্থাপিত ‘আনোয়ারা ফ্যাশন’ নামে একটি তৈরী পোশাক কারখানায় ও টিনশেড ঘরে থাকা রাসায়নিকের গুদামে এক ভায়বহ অগ্নিকান্ডে ১৬ জন শ্রমিক নিহত ও ১০ জন শ্রমিক আহত এবং শিশু শ্রমিকসহ অনেক শ্রমিক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ভবন ও রাসয়ানিক গোডাউন কোনাটিরই ফায়ার সেফটি প্ল্যান লাইসেন্স ছিল না। অগ্নিকান্ডের সময় ভবনের ছাদের গেট তালাবন্ধ করে রাখা হয়েছিল। ফলে শ্রমিকরা বের হতে না পেরে সেখানে আটকা পড়েন। যে পোশাক কারখানায় অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে, তা তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএর সদস্য ছিল না। এই ধরনের ঘটনা রোধ করার লক্ষ্যে আইনগত এবং নীতিগত কাঠামো থাকা সত্ত্বেও কারখানাগুলো তৈরির ক্ষেত্রে অনিয়ম ও ত্রুটি এবং কারখানা পরিদর্শন পরিচালনা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থার ফলে তা মারাত্মক আকার ধারণ করেছে।

উল্লেখ্য, ২০১২ সালে তাজরিন ফ্যাশনস্, ২০১৩ সালে স্মার্ট গার্মেন্টস, ২০১৬ সালে টাম্পাকো ফয়েলস, ২০১৯ সালে পুরানো ঢাকায় কেমিক্যাল গোডাউনে এবং ২০২১ সালের ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজিব গ্রুপের হাসেম ফুডস আ্যন্ড বেভারেজ কারখানায় এক এই ধরনের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সময় কারখানাগুলোতে বহির্গমন পথ বন্ধ থাকা, অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব বা না থাকা এবং বিভিন্ন ধরনের অবহেলার কারণে কারখানায় বহু শ্রমিক নিহত ও আহত হয়েছেন। এই হতাহতের সঙ্গে জড়িতদের অধিকাংশের কোন বিচার হয়নি এবং ভিকটিম পরিবারের অধিকাংশই ক্ষতিপূরণ পাননি। অতীতে দেখা গেছে এই সব কারখানার মালিকেরা ক্ষমতাধর হওয়ায় বিচার পাননি ক্ষতিগ্রস্তরা। অধিকার ‘আনোয়ারা ফ্যাশন’ পোশাক কারখানায় অগ্নিকান্ডে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ করে ভিক্টিম ও তাদের পরিবারদের ক্ষতিপূরণ দেবার ও পুনর্বাসনের দাবি জানাচ্ছে। পাশাপাশি অধিকার সরকারের কাছে দাবি জানিয়েছে, ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন