লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা
১৫তম প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড প্রাপ্ত বইয়ের প্রচ্ছদসমূহ ও অনুষ্ঠান। ছবি-সংগৃহীত

লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে ১৫তম প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম। ফিলিস্তিনের ভূমি নিয়ে সংগ্রাম, গাজায় গণহত্যা, পশ্চিমা উপনিবেশবাদী সহিংসতা এবং ফিলিস্তিনের মানচিত্রায়ণের ইতিহাস নিয়ে লেখা বইগুলো এবারের পুরস্কারে স্বীকৃতি পেয়েছে। এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক নুর মাসালহা।

লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মিডল ইস্ট মনিটর (মেমো)। ব্রিটিশ-ফিলিস্তিনি অধিকারকর্মী ও কবি লিয়ান মোহাম্মদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে লেখক, প্রকাশক, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক ও কূটনীতিকেরা অংশ নেন।

বিজ্ঞাপন

ফিলিস্তিনবিষয়ক ইংরেজি ভাষায় প্রকাশিত সেরা নতুন বইগুলোকে স্বীকৃতি দিতে আয়োজিত এবারের প্রতিযোগিতায় জমা পড়ে ৮০টির বেশি বই। পুরস্কারটির ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক বই জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে ১০টি বইকে চূড়ান্ত তালিকায় রাখা হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন রাজনীতি ও রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণবিষয়ক গবেষক এবং জ্যেষ্ঠ প্রভাষক ড. মোহান্নাদ মুস্তাফা। এ ছাড়া গাজার সংগীতশিল্পী, গিটারবাদক ও সংগীত প্রযোজক মোহাম্মদ শোমান ফিলিস্তিনের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন। তিনি গাজার ব্যান্ড সল ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা।

এবারের বিজয়ীরা

১৫তম প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডে একাডেমিক বিভাগে পুরস্কার পেয়েছেন পল কোলব্রি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ভূমি দখল, কৃষিজীবনের সংকট এবং জমির ন্যায়বিচার নিয়ে লেখা তাঁর বই প্লটস অ্যান্ড ডিডস: অ্যাগ্রেরিয়ান অ্যানিহিলেশন অ্যান্ড দ্য ফাইট ফর ল্যান্ড জাস্টিস ইন প্যালেস্টাইন এ স্বীকৃতি পেয়েছে।

২০২৬ সালের মার্চে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত বইটিতে ফিলিস্তিনের কৃষিভিত্তিক সমাজের পরিবর্তন বিশ্লেষণ করেছেন লেখক। এতে দেখানো হয়েছে, ১৯৬৭ সালে পশ্চিম তীর সামরিকভাবে দখলের পর ইসরাইলের ভূমি অধিগ্রহণ ও অর্থনৈতিক নীতির কারণে অনেক গ্রামীণ কৃষক জীবিকার তাগিদে মজুরির কাজে যুক্ত হতে বাধ্য হন। পরবর্তী সময়ে জমির মালিকানা নিবন্ধন ও বেসরকারি আবাসন প্রকল্পের বিস্তার কৃষিজমিকে ধীরে ধীরে বাণিজ্যিক সম্পত্তিতে রূপান্তরিত করেছে। কোলব্রি তার দীর্ঘমেয়াদি গবেষণার ভিত্তিতে দেখিয়েছেন, রাষ্ট্রীয় সহিংসতা ও বাজারের চাপ কীভাবে কৃষিজীবনের সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে। একই সঙ্গে জমি হারানো এবং সেই জমিতে ফিরে যাওয়ার অধিকার আদায়ে ফিলিস্তিনি কৃষকদের সংগ্রামও তুলে ধরেছেন তিনি।

কাউন্টার-কারেন্ট বিভাগে পুরস্কার জিতেছেন থমাস সুয়ারেজ। তার বই প্যালেস্টাইন ম্যাপড: ফ্রম দ্য রিভার টু দ্য সি ইন আর্লি জিওগ্রাফিক থট-এ ফিলিস্তিনের মানচিত্র তৈরির ইতিহাস এবং ভূগোলের সঙ্গে রাজনীতি ও উপনিবেশবাদের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।

ইন্টারলিংক পাবলিশিং থেকে ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত বইটিতে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার মানচিত্রে ফিলিস্তিনের অবস্থান থেকে শুরু করে মধ্যযুগের ভূমধ্যসাগরীয় সভ্যতা এবং ইউরোপীয়দের তৈরি ‘পবিত্র ভূমি’র মানচিত্রের বিবর্তন তুলে ধরা হয়েছে। লেখক দেখিয়েছেন, বিভিন্ন সময়ে মানচিত্র তৈরির মধ্য দিয়ে ফিলিস্তিনকে কীভাবে উপস্থাপন করা হয়েছে এবং এসব মানচিত্র আধুনিক রাজনৈতিক চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করেছে। মানচিত্রবিদ্যার ইতিহাসে বিশেষজ্ঞ সুয়ারেজ প্রচলিত ইউরোপকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সমালোচনাও করেছেন।

গাজা গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হামিদ দাবাশি। তাঁর আফটার স্যাভেজরি: গাজা, জেনোসাইড অ্যান্ড দ্য ইলিউশন অব ওয়েস্টার্ন সিভিলাইজেশন বইয়ে গাজায় গণহত্যার প্রেক্ষাপটে পশ্চিমা দর্শন ও সভ্যতার নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে হেমার্কেট বুকস থেকে প্রকাশিত বইটিতে লেখক পশ্চিমা দর্শনের বর্ণবাদী শিকড় এবং উপনিবেশিত জনগোষ্ঠীর ইতিহাস ও পরিচয় মুছে ফেলার প্রক্রিয়া বিশ্লেষণ করেছেন। দাবাশির মতে, পশ্চিমা দর্শন ও রাজনৈতিক চিন্তাধারার ভেতরে এমন কিছু ধারণা রয়েছে, যা উপনিবেশবাদী নিপীড়নকে বৈধতা দিতে ভূমিকা রাখে। গাজার মানুষের মৃত্যু ও দুর্ভোগকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে এর পেছনের ঐতিহাসিক ও রাজনৈতিক বাস্তবতা বোঝার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন হেমার্কেট বুকসের সম্পাদক ব্রেখনা আফতাব।

এডিটেড বুকস অ্যান্ড অ্যান্থলজিস বিভাগে পুরস্কার পেয়েছেন সুসান আবুলহাওয়া। তার সম্পাদিত এভরি মোমেন্ট ইজ আ লাইফ: গাজা ইন দ্য টাইম অব জেনোসাইড বইটিতে গাজার ১৮ তরুণ লেখকের সত্য ঘটনা ও ব্যক্তিগত অভিজ্ঞতা স্থান পেয়েছে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ওয়ান সিগন্যাল/সাইমন অ্যান্ড শুস্টার থেকে প্রকাশিত বইটি আরবি ও ইংরেজি—দুই ভাষার সংকলন। ২০২৪ সালের শুরুর দিকে লেখক ও অধিকারকর্মী সুসান আবুলহাওয়া রাফাহ সীমান্ত দিয়ে দুবার গাজায় প্রবেশ করেন। সেখানে বাস্তুচ্যুত তরুণদের জন্য লেখালেখির কর্মশালার আয়োজন করেন তিনি। সেই কর্মশালায় অংশ নেওয়া তরুণদের অভিজ্ঞতার ভিত্তিতে সংকলনটি তৈরি হয়েছে।

বইটিতে ঘরবাড়ি ও স্বজন হারানো, বাস্তুচ্যুত মানুষের জীবন, খাদ্য ও পানির সংকট, ধ্বংসস্তূপ থেকে শিশুকে উদ্ধার, যুদ্ধের মধ্যে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এবং তাবুতে গাদাগাদি করে বসবাসের মতো নানা অভিজ্ঞতা উঠে এসেছে। গাজার মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে যুদ্ধ ও ধ্বংসের মানবিক অভিঘাত তুলে ধরাই বইটির অন্যতম বৈশিষ্ট্য। বইটি থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই সংকলনে অংশ নেওয়া গাজার লেখক এবং প্যালেস্টাইন রাইটস সাহিত্য উৎসবে দেওয়া হবে বলে প্রকাশনা-সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে।

স্মৃতিকথা বিভাগে পুরস্কার পেয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তার বই হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস: স্টোরিজ, ওয়ার্ডস অ্যান্ড উন্ডস অব প্যালেস্টাইন-এ ফিলিস্তিনের মানুষের অভিজ্ঞতা ও তাদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। বইটিতে লেখকের সঙ্গে পরিচিত হওয়া ১০ জন মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে ফিলিস্তিনের বাস্তবতা বর্ণনা করা হয়েছে।

২০২৬ সালের এপ্রিলে হার্ডি গ্রান্ট বুকস থেকে প্রকাশিত বইটির লেখক আলবানিজ একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। মানবাধিকার ও মধ্যপ্রাচ্য বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ২০২২ সালের মে মাস থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিন প্রশ্ন, ইসরায়েল-ফিলিস্তিনের আইনি পরিস্থিতি, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার কার্যক্রম নিয়ে তার গবেষণা রয়েছে।

এদিকে আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক নুর মাসালহা। ফিলিস্তিনের ইতিহাস নিয়ে তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে প্যালেস্টাইন: আ ফোর থাউজ্যান্ড ইয়ার হিস্ট্রি। বইটিতে ফিলিস্তিনের চার হাজার বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বৃহস্পতিবার লন্ডনের পি-২১ গ্যালারিতে সংক্ষিপ্ত তালিকায় থাকা লেখকেরা পাঠকদের সঙ্গে তাঁদের বই নিয়ে আলোচনা করেন। গত বছরের অনুবাদ বিভাগে বিজয়ী হাজেম জামজুম ওই আয়োজন সঞ্চালনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন