আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ, জড়িতদের শাস্তি দাবি বিএফইউজে-ডিইউজের

আমার দেশ-এর প্রেসে বোমা নিক্ষেপ, জড়িতদের শাস্তি দাবি বিএফইউজে-ডিইউজের
ছবি: সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ এবং ঘটনাস্থলের কাছ থেকে অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞাপন

সোমবার বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানায় বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত। ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলাকারীর শেষ রক্ষা হয়নি। ভবিষ্যতেও সাংবাদিকেরা রাজপথে থেকে এ ধরনের অপতৎপরতার মোকাবিলা করবেন।

তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদী আমলের মতো ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ঘটনার বিবরণ দিয়ে বিবৃতিতে বলা হয়, গত ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে পত্রিকাটির ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের কাছাকাছি আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। ওই সময় রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা ও ভাঙচুরও করা হয়।

বিএফইউজে ও ডিইউজের নেতারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিটি পাঠিয়েছেন ডিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন