আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশে একমত সংসদীয় বিশেষ কমিটি

আমার দেশ অনলাইন

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশে একমত সংসদীয় বিশেষ কমিটি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, বিশেষ কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। এর মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার অধ্যাদেশের সঙ্গে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বিশেষ কমিটির বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে।

বিরোধীদলীয় হুইপ বলেন, 'আজকের বিশেষ কমিটির প্রথম বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আলোচনা চলছে, কোনো কোনো অধ্যাদেশের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি, আর কিছু বিষয় নিয়ে পরবর্তী মিটিংয়ে আলোচনা হবে।'

জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে প্রস্তাবিত অধ্যাদেশ নিয়ে রফিকুল ইসলাম খান বলেন, 'জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়ে অধ্যাদেশে যেসব বিষয় এসেছে, তাতে আমরা একমত।'

বৈঠকে আলোচনা হওয়া বেশিরভাগ অধ্যাদেশ সুপারিশ আকারে সংসদে উত্থাপনের বিষয়ে কমিটি একমত হয়েছে বলে জানান তিনি।

রফিকুল ইসলাম খান জানান, প্রথম দিনের বৈঠকে ২৭ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে পাঁচটি ছাড়া বাকি সব অধ্যাদেশের অধিকাংশ বিষয়ে একমত প্রকাশ করেছে কমিটি।

গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ ও পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়ে আরও আলোচনা হবে বলেও তিনি জানান।

বিশেষ কমিটির প্রথম বৈঠকে সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়নি বলে জানিয়ে রফিকুল ইসলাম খান বলেন, 'আমরা সব সময় দেশের জন্য যেটা দরকার, জনগণের স্বার্থসংশ্লিষ্ট জরুরি বিষয়গুলো অবশ্যই বলব। সেটা বললেও বলব, না বললেও বলব।'

সংবিধান ও জুলাই আকাঙ্ক্ষার মধ্যে কোনটি প্রাধান্য পাবে—এমন প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম খান বলেন, 'আমরা জুলাই আকাঙ্ক্ষাকে অবশ্যই প্রাধান্য দেব। কারণ, জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আজকে সংসদ ভবনে আসতে পারতাম না। এটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি (প্রাধান্য) দেব।'

তিনি বলেন, 'সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ না।। সংবিধান তো কোরআন বা ওহি নয়। সংবিধান তো সব সময় পরিবর্তন হয়েছে। জুলাই আকাঙ্ক্ষা নিয়ে তো সংবিধানের সঙ্গে বেশি বিরোধ বাধার কথা না।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...