প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য পুরোদমে কাজ চলেছে।
শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। এআইয়ের অপব্যবহার বন্ধে সচেতনতা ক্যাম্পেইন সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।
তিনি বলেন, ভোটকেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। চূড়ান্ত ভোটার তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।
সিইসি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে। ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হবে এবং তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


