স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গোপন মিটিং আইনশৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না। ষড়যন্ত্রে যারা যুক্ত থাকবে কাউকে ছাড় দেয়া হবে না।
শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ এসব কথা বলেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা রায়েরবাজার অবস্থিত জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।
তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নাই। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। তাছাড়া সাংবাদিকরা সহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।
তিনি আরো বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি- আমাদের সাংবাদিকরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচু নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

