ফাল্গুনের মাঝামাঝিতে এসে মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ছাড়াও শ্রীমঙ্গল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।
সোমবার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, রাজধানীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি। এর আগে ঢাকা বিভাগে গত ২৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জে এক মিলিমিটার বৃষ্টি হয়।
তিনি আরো বলেন, সোমবার রাতে এবং মঙ্গলবার আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যা ৬টার বুলেটিনে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণতঃ শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে বসন্ত শুরু হলেও রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে বেশ গরম অনুভূত হচ্ছিল। দিনের বেলার রোদ কোনো কোনো ক্ষেত্রে বেশ অসহনীয় হয়ে উঠিছিল। সোমবার সকালেও আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
তবে সোমবার দুপুরের দিকে প্রথমবারের মতো বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি, পরে শুরু হয় ভারী বৃষ্টি।
বৃষ্টির কারণে বিকেলে অফিস ছুটির পর ব্যস্ত নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এর ফলে ইফতার করতে ঘরমুখী মানুষদের সড়কে আটকে থাকতে দেখা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

