২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

অর্থনৈতিক রিপোর্টার

২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

ই-অকশন পদ্ধতিতে ২২০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড জারিকৃত নিলামের বিশেষ ও স্থায়ী আদেশ অনুযায়ী যথাক্রমে ১৬০ ও ৬০টি কন্টেইনারের পণ্য নিলামে বিক্রি করা হবে।

বৃহস্পতিবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিয়মিতভাবে নিলামে তোলা হয়। তারই অংশ হিসাবে ২২০টি কন্টেইনারের পণ্য নিলামে তোলা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে পুরো মে মাস জুড়ে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতাগণ ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল E-Auction পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাগণকে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।

এনবিআর জানায়, বিশেষ আদেশ অনুসারে ই-অকশন-৪/২০২৬-এ ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস, এসি পার্টস ইত্যাদি। এ সকল পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকবে না।

অপরদিকে নিলামের স্থায়ী আদেশ অনুসারে ই-অকশন ৫/২০২৬-এ ১৭ লটে ৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি, লবণ ইত্যাদি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন