খালেদা জিয়ার নামেই কোরবানি হবে ‘কালো মানিক’

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার নামেই কোরবানি হবে ‘কালো মানিক’

গত বছর ঈদুল আযহায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়া সেই আলোচিত গরু ‘কালো মানিক’ ২০ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সিলেট টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি এবারের ঈদে খালেদা জিয়ার নামেই কালো মানিককে কোরবানি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (২৪ মে) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে উপস্থিত হয়ে গরুটি কিনেই এই ঘোষণা দেন ফাহিম আল চৌধুরী।

বিজ্ঞাপন

গরুটি কেনার পর অনূভুতি ব্যক্ত করতে গিয়ে ফাহিম চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, গত বছর গরুটির মালিক এটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে নিয়ে এসেছিলেন। ম্যাডাম উপহারটি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেন। তবে মালিকের পরিবারের স্বচ্ছলতার কথা চিন্তা করে সেটি তাকে ফেরত দিয়ে দেন এবং ভবিষ্যতে এটি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তো এটা যেহেতু আবেগের জায়গা, সে জায়গা থেকে আমি গরুটা কিনে নিয়েছি।

কত টাকায় কিনেছেন এবং লাভবান হয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ২০ লাখ টাকায় এটি কিনেছি। এটি কিনে আমি লাভবান হয়েছি। কারণ যে গরুর স্মৃতি আমার ম্যাডামের সাথে জড়িত সেটি আমি নিচ্ছি এটাই আমার সবচেয়ে বড় লাভ। ম্যাডামের স্মৃতিকে আমি যেহেতু আমার মনের মধ্যে লালন করি, সে জায়গা থেকে এটাই আমার সবচেয়ে বড় লাভ। যে গরুর সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবেগ জড়িত, সেটি কিনতে পেরে আমার মনের মধ্যে শান্তি লাগতেছে৷

কোরবানির বিষয়ে ফাহিম চৌধুরী জানান, গরুটি মূলত বেগম খালেদা জিয়ার নামেই কোরবানি হবে। এছাড়া এতে তার প্রয়াত বাবা-মা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর নামও থাকবে বলে তিনি জানান। বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এই গরুটিকে কিনতে পেরে ফাহিম চৌধুরী মানসিকভাবে শান্তি বোধ করছেন বলে অনুভূতি ব্যক্ত করেছেন।

বিক্রেতা সোহাগ মৃধা আমার দেশকে বলেন, আমি গরুটিকে বেগম খালেদা জিয়া ম্যাডামকে উপহার দেওয়ার পর তিনি এটা গ্রহণ করে আমার সন্তান জাইয়ান মৃধাকে উপহার দেয়৷ তবে আমার মেয়ের চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন৷ সেজন্য আমি এটাকে বিক্রির জন্য এনেছি। ফাহিম ভাই আমি যে দাম চেয়েছি সে দামেই গরুটা কিনে নিয়েছেন। একইসঙ্গে আমার মেয়ের চিকিৎসা ব্যয় বহন করবেন বলে ফাহিম ভাই জানিয়েছেন। আমার কালো মানিক বিক্রি হওয়ায় মন খারাপ হলেও আমি অসন্তুষ্ট নয়।

এর আগে দুপুরে তিনি আমার দেশকে বলেন, আমার এই গরুর ওজন আছে অরায় ১৮০০ কেজি। অর্থাৎ ৪৫ মণের কাছাকাছি। এটিকে আমি ২২ লাখে বিক্রি করতে চাই৷

দিয়াবাড়ি হাটের ইজারাদার শেখ ফরিদ হোসাইন বলেন, আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ম্যাডামকে উপহার করা গরুটি ম্যাডাম তাকে আবার দিয়ে বলেছিকেন স্বাবলম্বী হওয়ার জন্য। তিনি এবার আমাদের উত্তরার এই হাটে গরুটা নিয়ে এসেছেন। ফাহিম আল চৌধুরী শুনতে পেরে এখানে এসে আজ গরুটি দামাদামি না করেই বিক্রেতার ডিমান্ড অনুযায়ী টাকা দিয়ে কিনে নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...