তীব্র নিন্দা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের

আমার দেশ-এর নামে ভুয়া আইডি কার্ড বানিয়ে হয়রানির চেষ্টা

স্টাফ রিপোর্টার

আমার দেশ-এর নামে ভুয়া আইডি কার্ড বানিয়ে হয়রানির চেষ্টা

আমার দেশ-এর নাম ও লোগো ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরি করে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ের মানুষদের ব্ল্যাকমেইলিং এবং হয়রানির চেষ্টা করে আসছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই চক্রটি পত্রিকার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সূত্রে ‘নাজমুল আহসান’ নামের এক ব্যক্তির একটি ভুয়া প্রেস পরিচয়পত্র (প্রেস আইডি কার্ড) আমার দেশ কর্তৃপক্ষের নজরে আসে। ওই কার্ডে ব্যক্তিটিকে ‘ঢাকা স্টাফ রিপোর্টার’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার আইডি নম্বর: PB-SS-2025-078 এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ১ ডিসেম্বর ২০২৬। ‘আমার দেশ’ পত্রিকা কর্তৃপক্ষ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাচ্ছে যে, নাজমুল আহসান নামের কোনো ব্যক্তি এই পত্রিকার সাংবাদিক বা প্রতিনিধি নন। তার নামে ইস্যুকৃত তথাকথিত এই আইডি কার্ডটি সম্পূর্ণ জালিয়াতি, বানোয়াট এবং অবৈধ।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের সতর্কবার্তা ও ঘোষণা: ‘আমার দেশ’ পত্রিকার কোনো ‘স্টাফ রিপোর্টার’ বা প্রতিনিধির পরিচয়পত্র এই ধরনের ডিজাইন বা ফরম্যাটে ইস্যু করা হয় না। এ ভুয়া চক্রের কোনো অপকর্ম, আর্থিক লেনদেন কিংবা চাঁদাবাজির দায়ভার ‘আমার দেশ’ কর্তৃপক্ষ বহন করবে না। কেউ এই পরিচয়পত্র প্রদর্শন করলে তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ করা হলো।

অনুসন্ধানে জানা গেছে, পত্রিকাটির বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী ও অপরাধপ্রবণ ব্যক্তি নিজেদের ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করে এই অপরাধীরা বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

ভুয়া আইডি কার্ডটির প্রধান প্রধান অসঙ্গতিগুলো:

অবৈধ লোগো ব্যবহার: পত্রিকার মূল লোগো বিকৃত করে কার্ডের উপরিভাগে ব্যবহার করা হয়েছে। অস্তিত্বহীন পদবি ও ফরম্যাট: ‘আমার দেশ’ পত্রিকার মূল ডিজাইন ও দাপ্তরিক ফরম্যাটের সাথে এই কার্ডের কোনো মিল নেই। স্বাক্ষর জালিয়াতি: কার্ডটিতে সম্পাদকের নামে যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া ও জাল।

এই ন্যাক্কারজনক জালিয়াতি ও চাঁদাবাজির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘আমার দেশ’ পরিবার। পত্রিকার আইন বিভাগ ইতোমধ্যেই এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ভূয়া কার্ডধারী নাজমুল আহসানসহ এই চক্রের পেছনে থাকা মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অতিসত্বর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পত্রিকা সংশ্লিষ্ট অনলাইন, মাল্টিমিডিয়া ও প্রিন্ট পত্রিকার পাঠক, বিজ্ঞাপনী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে, কোনো ব্যক্তি যদি ‘আমার দেশ’ এর নাম ব্যবহার করে কোনো প্রকার অনৈতিক সুবিধা বা চাঁদাবাজির চেষ্টা করে, তবে দেরি না করে নিকটস্থ পুলিশ ফাঁড়ি অথবা সরাসরি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...