নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’।
নেপাল আদিবাসী উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ)-এর আয়োজনে এবং নয়া ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস ও সার্ক জার্নালিস্ট ফোরামের সমন্বয়ে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের প্রাথমিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কার্যপরিকল্পনা উপস্থাপন করেন।আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশ নেবেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে।
চার দিনব্যাপী সম্মেলনের কর্মসূচিতে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং কার্যপত্র উপস্থাপনার আয়োজন রাখা হয়েছে। এতে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে।
সম্মেলনের অংশ হিসেবে নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং ঐতিহ্যবাহী স্থানীয় খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নেপালের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।
আয়োজকদের ভাষ্য, সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার বিকাশ ঘটিয়ে একে আরও পেশাদার রূপ দেওয়া। পাশাপাশি সরকারি নীতিতে মাতৃভাষা সাংবাদিকতার গুরুত্ব প্রতিষ্ঠা করা এবং বিশ্বমঞ্চে নেপালের মাতৃভাষা সাংবাদিকতার সাফল্য তুলে ধরা। এ উদ্যোগের মাধ্যমে ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্পদ সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

