আজ সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে: স্পিকার

সংসদ রিপোর্টার

আজ সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে: স্পিকার

সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য শপথের পর রোববার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। প্রথম অধিবেশনে তাদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, নারী সদস্যদের আগমনের ফলে জাতীয় সংসদ পূর্ণতা পেয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত শেষে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

স্পিকার বলেন, “আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।”

এদিন সংরক্ষিত নারী আসনের সদস্যদের উপস্থিতি ও সংসদে তাদের ভূমিকা নিয়ে আলোচনা উঠে আসে প্রশ্নোত্তর পর্বেও।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্দেশে সম্পূরক প্রশ্ন করার সুযোগ পেয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানু সংসদে নারী সদস্যদের আরও বেশি কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত।”

রানু বলেন, “প্রত্যেক রাজনীতিকের জীবনের স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। আমরা যে ৫০ জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন, তাহলে আমরা ৫০টি অলংকার নয়, ৫০টি নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব।”

প্রশ্ন করার আগে তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, “আজ থেকে ৩০ বছর আগে আমি আপনার নির্বাচনি এলাকার জনসভায় বক্তব্য রেখেছিলাম। আমি আপনার জনপ্রিয়তা দেখেছি। আপনি সাতবার এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই।”

রানুর বক্তব্য দীর্ঘ হলে স্পিকার তাকে কার্যপ্রণালী বিধি অনুসরণ করে প্রশ্নে আসার অনুরোধ জানান। তিনি বলেন, “সংসদ পরিচালনা হবে কার্যপ্রণালী বিধি মোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে।”

পরে নারী সদস্যদের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, “এখানে রেহানা আক্তার রানু যা বলেছে, সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যের বক্তব্য। সুতরাং এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না।”

রানুর সাতবার সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষার জবাবে স্পিকার বলেন, “সাতবার বক্তৃতা দিয়ে তো সাতবার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সঙ্গে মিশে কাজ করেন। আপনারা সাতবার কেন, ২৭ বারও হতে পারবেন ইনশাআল্লাহ।”

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্য সম্প্রতি নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। বাজেট অধিবেশনই তাদের অনেকের প্রথম সংসদ অধিবেশন। সংরক্ষিত আসনের সদস্যরা নির্বাচিত হওয়ার পর গত ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন