বাসে আগুন ও ককটেল নিক্ষেপ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

বাসে আগুন ও ককটেল নিক্ষেপ: জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও পরিকল্পিত নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। এসব সহিংসতায় একজনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দৃশ্যমান, কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বুধবার দেওয়া এক বিবৃতিতে সিটিজেন ইনিশিয়েটিভ জানায়, সম্প্রতি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগে দেশের নানা জায়গায় বাসে আগুন, ককটেল নিক্ষেপ ও পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এসব ঘটনায় একজনের মৃত্যু বিশেষভাবে উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ বা প্রাণহানির কোনো সুযোগ নেই। নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও ধারাবাহিক নাশকতার পরও জননিরাপত্তা নিশ্চিতে সরকারের দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা যথেষ্ট বলে প্রতীয়মান হচ্ছে না।

নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, নিহত ব্যক্তির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিবৃতিতে দেশজুড়ে জনপরিবহন, গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি জানানো হয়। পাশাপাশি বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও মানবাধিকারসম্মত পদ্ধতিতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

অপরাধ দমনের নামে নির্বিচার গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন বা বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, নাশকতায় ব্যবহৃত বিস্ফোরক ও অন্যান্য উপকরণের উৎস, অর্থায়ন এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়া ঠেকাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়মিত ও স্বচ্ছ তথ্য প্রকাশের দাবিও জানানো হয়।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা কোনো রাজনৈতিক পক্ষের নয়, বরং এটি রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। তাই আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের নীতি সমুন্নত রেখেই অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে নিহত ব্যক্তির রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ ছাড়া আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন