আটাবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আটাবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় অকার্যকর হয়ে পড়েছে দেশের ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এজন্য ক্ষুব্ধ সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহকে দায়ী করা হয়েছে।

উভয়ের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের লেজুরবৃত্তি করে রাজনৈতিক প্রভাব বিস্তার, অর্থ আত্মসাৎ এবং মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। ট্রাভেল ব্যবসার নামে গ্রুপটিকে ব্লক করে অতি মুনাফার তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে।

বিজ্ঞাপন

আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে হরেক তৎপরতার তথ্যচিত্রও জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভিন্নমতের আটাব সদস্যদের নির্যাতন-নিপীড়নের অভিযোগ তোলা হয়েছে উভয় নেতার বিরুদ্ধে।

ক্ষুব্ধ সদস্যরা আটাব সংস্কার পরিষদের ব্যানারে সংগঠনটিকে ফ্যাসিস্টদের দোসরমুক্ত করাসহ অনিয়ম দুর্নীতির মূল উৎপাটনে প্রশাসক নিয়োগের আবেদন জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দিলেও অজ্ঞাত কারণে প্রশাসক নিয়োগের বিষয়ে তেমন অগ্রগতি নেই।

অন্যদিকে বিমান ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান আটাব সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠান এয়ার স্পিড ও মহাসচিবের প্রতিষ্ঠান সায়মন ওভারসিজের বিরুদ্ধে টিকিট জালিয়াতি, কৌশলে টিকিটের মূল্য বৃদ্ধি করে অতি মুনাফা হাতিয়ে নেওয়া, বেআইনিভাবে আটাব অনলাইনের নামে টাকা আদায় করে তা তছরুপের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, দুর্নীতি ও রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় সংশ্লিষ্ট নেতাদের পক্ষে একটি মহল নিত্যনতুন তদবির অব্যাহত রেখেছে।

এ বিষয়ে আমার দেশ-এর এ প্রতিবেদককে আটাব সংস্কার পরিষদের আহ্বায়ক মো. গোফরান চৌধুরী জানান, সভাপতি ও মহাসচিব তাদের অপরাধ আড়াল করতে কৌশলী তৎপরতা চালাচ্ছেন। উভয়ে আটাবের নাম ভাঙিয়ে ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইনসগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আটাব সভাপতি আবদুস সালাম আরেফ আমার দেশকে বলেন, এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এয়ার টিকিটিং নিয়ে সিন্ডিকেটের বিরোধিতা করায় আমাদের বিরুদ্ধে অসত্য অভিযোগ করছে। প্রায় অভিন্ন মন্তব্য করেছেন মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। তিনি বলেছেন, সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন