শুষ্ক আবহাওয়ার মধ্যে আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ সোমবার তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল সোয়া ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮। এ মানের বায়ু নগরবাসীর স্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। এদিন রাজধানীর ১০টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি দেখা গেছে।
সোমবার সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।
আইকিউএয়ার প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান নিয়ে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। এর মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।
আইকিউএয়ারের তালিকায় সোমবার সকালে সবচেয়ে দূষিত বায়ুর শহর পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ছিল ৩০৬। এ মানের বায়ু নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ২৫৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। আর ২০৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
রাজধানীর ১০টি এলাকার মধ্যে সবচেয়ে বেশি বায়ুদূষণ দেখা গেছে গুলশান লেক পার্কে। সেখানে বায়ুমান সূচক ছিল ৫১৬। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক ‘জি’ এলাকায় ২৩৭, বারিধারা পার্ক রোডে ২২৫, বারিধারা লেক সাইডে ২১৮, পুরান ঢাকার বেচারাম দেউড়িতে ২১২ এবং বাড্ডার প্রগতি সরণিতে ২১১ স্কোর পাওয়া গেছে। মাদানী অ্যাভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোরে বায়ুমান সূচক ছিল ২০৯। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকায় ছিল ২০৭। এ ছাড়া মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ১৯৩ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ১৬২ স্কোর রেকর্ড করা হয়েছে।
এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির পরামর্শ অনুযায়ী, দূষণ থেকে সুরক্ষায় ঘরের জানালা বন্ধ রাখতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
বায়ুমান সূচক বা একিউআইয়ের স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাস অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।
এ ছাড়া স্কোর ৩০১ থেকে ৪০০ হলে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এ ধরনের বায়ুদূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



