সম্মেলনে বাংলাদেশের দাবি

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে
ছবি: সংগৃহীত

কপ৩১ সম্মেলনের সাফল্য শুধু সিদ্ধান্ত গ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জলবায়ু সংকটের সামনের সারিতে থাকা মানুষের জীবনে এসব সিদ্ধান্ত কতটা পরিবর্তন আনতে পারছে, সেটিই হবে এর সাফল্যের প্রকৃত মাপকাঠি। এ বিবেচনায় জলবায়ু অর্থায়ন বাড়ানো, অভিযোজন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের কাছে আন্তর্জাতিক প্রতিশ্রুতির সুফল পৌঁছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমিয়ে সহজ শর্তে অর্থায়নের দাবি তুলেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল।

গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকালে তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর মিডিয়া সেন্টার-১-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, অর্থায়ন যেন শুধু বড় প্রকল্প বা কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না থাকে; স্থানীয় জনগোষ্ঠীর কাছেও পৌঁছায়। অভিযোজন কার্যক্রমের অগ্রগতি পরিমাপের ক্ষেত্রে মানুষের সহনশীলতার বাস্তব উন্নতি বিবেচনায় নিতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজন কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার প্রথম চার দিন শেষে জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও প্রশমনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো সমঝোতা হয়নি। বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে, চলতি সপ্তাহের আলোচনার মধ্য দিয়ে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত এবং ঝুঁকিতে থাকা মানুষের জন্য বাস্তব সহায়তা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি), জি৭৭ ও চীন এবং অন্যান্য অংশীদার দেশের সঙ্গে কাজ করছে বাংলাদেশ।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে প্রতিশ্রুত অর্থ দ্রুত ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এলডিসি গ্রুপের দাবি, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে প্রায় ১৪ লাখ ৯৬ হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। এ জন্য উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সহজ শর্তের অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে অর্থ বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়ার ব্যবস্থাও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো ও জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে প্রতিনিধিদল। বাংলাদেশের এ দাবির পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা এবং উন্নয়ন অর্জনকে ঝুঁকির মুখে ফেলছে।

এদিকে উপকূলীয় সুরক্ষা ও জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন অর্থায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) নতুন কর্মসূচি ‘এআরআইএসই’-এর প্রথম ধাপে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার সহায়তা পেতে পারে। ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে এ অর্থ ব্যবহারের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ গতকাল এক বার্তায় এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী, কর্মসূচিটির আওতায় অর্থ পেতে পারে এমন প্রথম পাঁচটি দেশের অন্যতম বাংলাদেশ।

অন্যদিকে কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের কাঠামোতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল। গতকাল তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান ও সহজ শর্তের অর্থায়ন বাড়ানোর পাশাপাশি ঋণের বোঝা কমানো জরুরি। জলবায়ু অর্থায়নকে বিচ্ছিন্ন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে দেখতে হবে।

সাইমন বলেন, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর রাজস্ব আয় কমছে। অন্যদিকে পুনরুদ্ধার ব্যয় ও ঋণের চাপ বাড়ছে। ফলে জলবায়ু সহনশীলতা তৈরিতে প্রয়োজনীয় বিনিয়োগের সক্ষমতা কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও উচ্চ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান এবং সহজ শর্তের অর্থায়ন বাড়াতে হবে। অর্থ পাওয়ার জটিল প্রক্রিয়া সহজ করার পাশাপাশি জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে অর্থায়নের সমন্বয়ের আহ্বান জানান তিনি।

গতকাল আনতালিয়ায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, জলবায়ু অর্থায়নকে দেশগুলোর পারস্পরিক আস্থার অন্যতম প্রধান পরীক্ষা হিসেবে তুলে ধরেছে বাংলাদেশ। উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা কার্যকর করতে সহজে পাওয়া যায় এমন অনুদানভিত্তিক অর্থায়নেরও আহ্বান জানানো হয়েছে।

জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলে আরো অর্থ এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানিয়েছে প্রতিনিধিদল। অভিযোজন বিষয়ে বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়ন, প্রশমন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং দেশগুলোর জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর সহায়তা দেওয়ার কথাও তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৬ সালের জলবায়ু হালনাগাদ তথ্য উল্লেখ করে বলা হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প সময়ের তুলনায় প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা এনডিসি ৩.০-তে ২০৩৫ সালের মধ্যে নিজস্ব সম্পদে স্বাভাবিক কার্যক্রমের তুলনায় ৬.৩৯ শতাংশ নির্গমন কমানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে আরো ১৩.৯২ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করাও দেশের চলমান উদ্যোগের অংশ। এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে বলে মনে করছে প্রতিনিধিদল।

জলবায়ুসম্পর্কিত বাণিজ্যিক পদক্ষেপ, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) নিয়েও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। প্রতিনিধিদলের মতে, এসব পদক্ষেপ উন্নয়নশীল দেশের ব্যবসা, শ্রমিক ও রপ্তানি খাতের ওপর অসম প্রভাব ফেলতে পারে। তাই জলবায়ুনীতি ন্যায্য হতে হবে এবং প্যারিস চুক্তির নীতিমালা মেনে চলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...