সারা দেশে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ সদস্যদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য বাইসাইকেল প্রদানের সময়সীমা কমিয়েছে সরকার। এখন থেকে প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছর অন্তর একটি করে নতুন বাইসাইকেল পাবেন গ্রামপুলিশের দফাদার ও মহল্লাদাররা।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়, গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রামপুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশে’ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল প্রদানের সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণার প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের বাইসাইকেল প্রদান সংক্রান্ত অংশটি সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামপুলিশের প্রধান (দফাদার) ও সদস্যরা (মহল্লাদার) প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এই সুবিধা পাওয়ার সময়সীমা ছিল পাঁচ বছর।
পরিপত্রে আরো স্পষ্ট করা হয়েছে যে, বাইসাইকেল প্রদানের সময়সীমা পরিবর্তন করা হলেও আগের পরিপত্রের অন্যান্য শর্তাবলি এবং অন্যান্য সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, বাইসাইকেল ব্যতীত অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্ত অপরিবর্তিত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



