প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া, আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে। কারো শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না। বোয়িং বা এয়ারবাস কিনলে দেশের প্রয়োজনেই কিনবে।
সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজি ট্যাগিংয়ে রাজনীতি আছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ নিয়ে রাজনীতি হচ্ছে। এনসিপি বিএনপির বিরুদ্ধে স্যটায়ার করেছে। চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে আছে, প্রয়োজনে সরকার ব্যবস্থা নেবে।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। মজুত করে এলপি গ্যাসের দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে এনার্কি হতো এখন সেই অবস্থায় নেই। যতটুকু সমস্যা আছে তা কমতে শুরু করবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


