অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, "জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আমলে জন্ম নেওয়া চাঁদাবাজির রীতিকে কোনোভাবেই বরদাশত করা হবে না।"
বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন কিছুদিন আগে মুরাদনগরের কোম্পানিগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যারা চাঁদা নেয় তারা ভাবে এটি তাদের অধিকার। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরো শক্তিশালী ভূমিকা রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যকালে আসিফ মাহমুদ বলেন, শুধু মুরাদনগর নয় আগামীতে সমগ্র দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা এবং এ ধরণের শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

