আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ

স্টাফ রিপোর্টার

২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন ফ্যাশন’ নামে একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাতিরঝিল থানার ওসি'কে তলব করেছেন আদালত। একই সঙ্গে দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

ফৌজদারি কার্যবিধির ২৫ ধারা মোতাবেক জাস্টিস অব পিস হিসেবে দেয়া এ আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন ফ্যাশন' নামে একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করার নির্দেশ দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘নবীন ফ্যাশনের' ওই পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় ওই ভিডিও ফুটেজে পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন