‘পিএসসি এক বছরে একটি বিসিএস শেষ করবে, এ প্রতিশ্রুতিতে আমরা আস্থা রেখেছিলাম। প্রিলিমিনারি পর দুই মাসের কম সময়ের মধ্যে এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়েছে। আমাদের অসুবিধা হয়েছে, তারপরও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা পরীক্ষা দিয়েছি। সবকিছু ঠিকঠাক চলছিল। মৌখিক পরীক্ষা শেষে আমরা আশা করেছিলাম যে এক সপ্তাহের মধ্যে ফলাফল দেবে। কিন্তু এখন নানা ধরনের কথা শোনা যাচ্ছে, নানা ধরনের গুজব ছড়াচ্ছে। আমরা কোনো ধরনের সময়ক্ষেপণ চাই না। অবিলম্বে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে।’
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলপ্রত্যাশী এক প্রার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বর ২০২৬ নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরও ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত না হওয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা। তারা ৭২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের আলটিমেটাম দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আরেক ফলপ্রত্যাশী সাম্প্রতিক বিসিএসগুলোর উদাহরণ টেনে বলেন, ‘৪৫, ৪৬, ৪৭ ও ৪৮তম বিসিএসে আমরা দেখেছি, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এক থেকে দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু এই বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের দিকে শেষ হয়েছে। ইতিমধ্যে দুই মাস অতিবাহিত হলো। আমরা পিএসসির কাছে সুনির্দিষ্ট বক্তব্য চাই। ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে হবে।’
লিখিত বক্তব্যে প্রার্থীরা তুলে ধরেন, ৪৫তম বিসিএসের ভাইভা শেষ হওয়ার ১৬ দিন পর, ৪৬তম বিসিএসের ১৩ দিন পর এবং ৪৭তম বিসিএসের মাত্র ১০ দিনের মাথায় চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পিএসসি। এ ছাড়া ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশিত হয়েছিল যথাক্রমে ১ ও ২ দিনের মধ্যে। এমন উজ্জ্বল দৃষ্টান্ত থাকার পরও ৫০তম বিসিএসের প্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখায় ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতেই ৫০তম বিসিএসের ফল প্রকাশে কিছুটা সময় নেওয়া হচ্ছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এর চূড়ান্ত গেজেট জারি হয়নি। পিএসসি চাইছে, ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদান সম্পন্ন হওয়ার পর প্রকৃত শূন্য পদের হিসাব সমন্বয় করে ৫০তম বিসিএসের ফল দিতে। তা না হলে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
তবে পিএসসির এমন ভাবনার বিপরীতে প্রার্থীরা বলছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের দীর্ঘসূত্রতার দায় তাঁরা নেবেন না। রিপিট ক্যাডার জটিলতা এড়াতে পিএসসি এখন চূড়ান্ত ফল প্রকাশ করে, পরবর্তী সময়ে এই বিসিএসের সম্পূরক ফলাফলও প্রকাশ করতে পারে বলে প্রস্তাব দেন তাঁরা। অহেতুক সময়ক্ষেপণে হাজার হাজার তরুণ–তরুণী চরম মানসিক চাপ ও কর্মজীবনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছেন।
সার্বিক বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান রয়েছে। তবে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
একনজরে ৫০তম বিসিএসের পরিক্রমা
‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ বা এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২ হাজার ১৫০টি পদের বিপরীতে আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ প্রার্থী। শুরু থেকেই কমিশন দ্রুতগতি বজায় রাখে। চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়।
পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। ১১ আগস্ট শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয় মৌখিক পরীক্ষা। সব ধাপ সময়মতো শেষ হওয়ায় রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বর চূড়ান্ত ফল পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন প্রার্থীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


