বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশীয় পণ্যের আমদানি বাড়ানো এবং বিনিয়োগে এগিয়ে আসার জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করার পর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এ সময় তিনি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।

রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি দেন।

দুই দেশের বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে দেশটির উদ্যোগ কামনা করেন রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য মানসম্পন্ন এবং দামের দিক থেকেও প্রতিযোগিতামূলক।

চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার কথা জানান।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট সমাধানেও ভিয়েতনামের সহযোগিতা চান রাষ্ট্রপতি। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে নিজ দেশে প্রত্যাবাসনে ভিয়েতনামের সমর্থন কামনা করেন তিনি।

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। রায়টির পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট হিসেবে পরিচিত ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন চান তিনি।

এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...