ধর্ম যার যার, দেশ সবার: রাষ্ট্রপতি

ধর্ম যার যার, দেশ সবার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। তিনি বলেন, এই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, সেটা রক্ষা করতে হবে।

শনিবার দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, আপনাদের এখানে একটা স্লোগান আছে যে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই সঙ্গে যুক্ত করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। এই কথা আমাদের সব সময় জোরের সঙ্গে বলতে হবে যে, এই সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার অবশ্যই আমি রক্ষা করব।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অভূতপূর্ব নিদর্শনের দেশ। শুধু আজকে নয়, যুগান্তর ধরে এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বাস করছে। আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প—সবকিছুর মধ্যে এই অভূতপূর্ব সম্মিলন ও সম্প্রীতির নিদর্শন আপনারা সব সময় পাবেন।

এ সময় এই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে যারা বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি করে সুবিধা নিতে চায়, তাদের ব্যাপারে রাষ্ট্রপতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতার আগে থেকেই এই দেশে আমরা একসঙ্গেই বেড়ে উঠেছি। ১৯৭১ সালে যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের কথা বলেছিলাম, আমরা সেখানেই স্থির আছি এবং সেটাকে রক্ষা করার জন্য আমরা যেকোনো মূল্য দিতে প্রস্তুত রয়েছি।

রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের বাংলাদেশের মানুষ উগ্রবাদী নয়। এ দেশের মানুষ কখনোই কোনো বিষয়ে চরম জায়গায় যেতে চায় না উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের সেই ধারাটাকে সবচেয়ে অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের এই সম্প্রীতিটাকে বিনষ্ট করার জন্য অনেক চেষ্টা চলছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে—এই কথা দেশে-বিদেশে বিভিন্নভাবে বড় করে প্রচার করা হয়।

তিনি বলেন, তবে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন যে তারা নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা একটা ট্রানজিশন পার হচ্ছি। একটা ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার কাজ শুরু করেছি। রাষ্ট্রপতি ধৈর্যের সঙ্গে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

এ সময় তিনি যেকোনো মূল্যে শান্তিপূর্ণভাবে ও নিরাপত্তার সঙ্গে পূজা সম্পন্ন করার আশা পুনর্ব্যক্ত করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের বিষয়ে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।’

এ সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বক্তব্য দেন। হিন্দু সম্প্রদায় ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অবলোকন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন