আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ছাত্রী ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুটবল দল। এ ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় সাতটি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়।
শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে আয়োজিত চার দিনব্যাপী এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক এএসএম আমানুল্লাহ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
এদিকে প্রতিযোগিতার দাবা ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। দাবা ইভেন্টে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ফুটবল ও দাবা—উভয় ইভেন্টের বিজয়ীদের হাতে অনুষ্ঠানে ট্রফি তুলে দেন অতিথিরা।
১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ২৭ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নেন। দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটাররা।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, খেলাধুলায় আরো বেশি বিনিয়োগ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। আনন্দের সঙ্গে শেখার যে পরিবেশ একসময় শিক্ষার্থীদের মধ্যে ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। খেলাধুলাকে আবারও জাগিয়ে তুলতে হবে এবং সারা দেশে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিযোগিতায় বিজয়ী ও পরাজিত সব দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, খেলায় হার-জিত থাকবেই; অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। এবারের আয়োজনের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারী ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং অ্যাথলেটিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরগুলোর পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


