অবৈধ সম্পদ অর্জন

আশরাফুল আলম খোকন দম্পতির নামে মামলা

আশরাফুল আলম খোকন দম্পতির নামে মামলা

প্রায় সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকনের দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রথম মামলায় আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে ১৩ কোটি ৩৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৩টি ব্যাংক হিসেবে ১ কোটি ৩৪ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও পাচার করে আমেরিকার নিউইয়র্কে বাড়ি ক্রয়ের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী রেজওয়ানা নূর ও খোকনকে আসামি করা হয়েছে। এই মামলায় বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রীর ৩টি ব্যাংক হিসেবে ৬ কোটি ১৩ লাখ ৪৯ টাকার বেশি লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালের ২০ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বিরুদ্ধে পদ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিলো। দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, খোকন ক্ষমতা থাকাকালে সোনা ও মুদ্রা চোরাচালানের সিন্ডিকেটে জড়িত ছিলেন। ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন। নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তা ছাড়া তিনি (খোকন) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তার নামে-বেনামে অঢেল সম্পদ রয়েছে। ইতোমধ্যে তার নামে চারটি প্রাইভেট গাড়ির তথ্য পাওয়া গেছে।

গাড়িগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-ঘ-১৭-৪১৭৭ (ল্যান্ড ক্রুজার), ঢাকা মেট্রো-ঘ-১৮-২৫৭২ (টয়োটা- রাশ), ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭৭ (মিতসুবিশি পাজেরো জিপ) ও ঢাকা মেট্রো-গ-৩৫-৭৬২৭ (কার স্যালুন)। ২০২১ সালের ফেব্রুয়ারিতে খোকন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি নেন। তিনি স্কুলজীবন থেকে শুরু করে ছাত্রজীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী খোকন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন খোকন। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে যোগদান করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন