২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে মানুষ পিটিয়ে হত্যার পর লাশের ওপর নৃত্য করার মধ্য দিয়েই বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; তারা ফ্যাসিবাদের ধারক এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য কেবল ২৮ অক্টোবরের পৈশাচিক নৃশংসতাই যথেষ্ট। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, চব্বিশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ফসল ঘরে তুলে বর্তমান বিএনপি সরকার শহীদের রক্তের সাথে প্রতারণা করছে এবং আওয়ামী হায়েনাদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘২৮ অক্টোবর ২০০৬ : আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বক্তব্যের শুরুতে কোরআনের আয়াত উদ্ধৃত করে পল্টনের শহীদদের স্মরণ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির শুধু মেধাবী আর সুশৃঙ্খলদের সংগঠনই নয়, বরং এই দেশের সবচেয়ে মজলুম কাফেলা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার প্রয়োজনে এ কাফেলার নেতাকর্মীরাই বারবার সবার আগে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর ভারতীয় আধিপত্যবাদের এদেশীয় দোসর আওয়ামী লীগ ও মুজিববাদী বামপন্থিরা লগি-বৈঠা দিয়ে বর্বর হামলা চালিয়েছিল। মানুষ হত্যার পর লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করার এমন বীভৎসতা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটেনি।’
বিগত দেড় দশকের আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘২৮ অক্টোবরের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে গণতন্ত্রের সূর্য অস্তমিত হয়েছিল। এরপর পিলখানা হত্যাকাণ্ড, আলেম-ওলামাদের গণহত্যা, আয়নাঘর, গুম-খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে এক চরম ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়। আর এই আওয়ামী ফ্যাসিবাদকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এ দেশের বামপন্থিরা; এই মুজিববাদী বামরাই মূলত এ দেশের শত্রু।’
বর্তমান সরকারের কড়া সমালোচনা করে সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবে ১৪০০-এর বেশি মানুষ জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। মানুষ জীবন দিয়ে গণ-অভ্যুত্থান ঘটায়, আর সেই বিপ্লবের ফসল ঘরে তুলে নিয়ে যায় বিএনপি! অথচ ক্ষমতায় এসে তারা সেই শহীদের রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করছে না। তারা আবার আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, বিভিন্ন জায়গায় আওয়ামী হায়েনাদের পুনর্বাসন করছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


