বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
অভিযুক্ত দুই কর্মকর্তা। ছবি: আমার দেশ

মাগুরার বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় তাঁদের মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।

সরকারের পতনের পর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

এদিকে, বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েক শ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

বিপ্লব কুমার নাথ যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের জামাতা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন