শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই স্কুলগুলো আপনাদের কমিউনিটির সম্পদ। তাই এগুলো দেখভাল করে রাখার দায়িত্বও আপনাদের। স্কুলের পরিবেশ যেন ভালো থাকে এবং স্কুলগুলো ভালোমতো চলতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমি আশা করব, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা যথাযথ দায়িত্ব পালন করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। শিশুরা ভালো বাংলা ইংরেজি ও গণিত শিখবে। আমরা আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করেছি। এলজিইডি অনেক ভালো কাজ করছে। সুন্দর ভবন নির্মাণ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া বলেন, ১৫৬টি বিদ্যালয়ের ভিন্ন ভিন্ন ডিজাইনে ভবনগুলি নির্মাণ করা হবে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনে কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপপ্রকল্প পরিচালক এস, এম মোর্শেদ বিপুল, ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোহা. কবির উদ্দীন শাহ্।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন