প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেড় হাজার কোটি টাকার তহবিল

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেড় হাজার কোটি টাকার তহবিল

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ স্কিমের তহবিলের পরিমাণ বাড়িয়ে দেড় হাজার কোটি টাকা করা হয়েছে। এ তহবিল থেকে ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী এবং প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্যরা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে এ ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো জামানত দিতে হবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নতুন নীতিমালা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি এ স্কিমের অর্থ আবর্তনশীল পদ্ধতিতে ব্যবহার করা হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাস বিরতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করা যাবে। এ ক্ষেত্রে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা হিসাবে একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন।

নীতিমালায় বলা হয়েছে, ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে। ঋণের সুদ বা মুনাফার হার হবে বার্ষিক সর্বোচ্চ ৭ শতাংশ। অন্যদিকে, এ স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন দেবে।

নতুন নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্যতার পরিধিও বাড়ানো হয়েছে। পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত স্বল্প আয়ের মানুষ এ সুবিধা পাবেন। তাঁদের মধ্যে রয়েছেন জেলে, চর্মকার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, তাঁতি, চা শ্রমিক, মুদি দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, চা-পান বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা।

এ ছাড়া হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মাছ ও কাঁকড়া চাষি, সবজি চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ক্ষুদ্র ও কুটিরশিল্প উদ্যোক্তা, খাবার প্রস্তুতকারী, ফ্রিল্যান্সার এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও এ ঋণ পাবেন। বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তাছাড়া রেমিট্যান্স প্রেরণকারী, প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্য এবং বিদেশ থেকে দেশে ফিরে আসা শ্রমিকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ সুবিধার আওতায় থাকবেন।

সার্কুলারে বলা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের আওতায় ঋণ পাবেন না। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে ঋণতথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের কোনো ফি নেওয়া যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন