সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য চলাকালে জাতীয় সংসদে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারবার বিরোধী বেঞ্চের সদস্যদের শান্ত হয়ে নিজ নিজ আসনে বসার আহ্বান জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরার পর স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে দাঁড়ালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরাতন ও পরিত্যক্ত বাসায় আগুন লাগে। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, মিটার এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ আগেই বলে দিয়েছেন যে আগুন লাগানো হয়েছে, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তথ্য-উপাত্ত ও ছবি হাতে নিয়ে তিনি কথা বলতে শুরু করলে বিরোধী বেঞ্চ থেকে সংসদ সদস্যরা প্রতিবাদ ও হইচই শুরু করেন।
একপর্যায়ে হট্টগোলের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য থামিয়ে দিয়ে বলেন, আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি। দয়া করে আমি কথা বলার সময় একটু শুনুন, আপনারা পরে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য খণ্ডন করতে পারবেন।
এ সময় স্পিকারের আসনে দায়িত্ব পালনরত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করে সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, বিরোধী দলের চিফ হুইপ যখন বক্তব্য রাখছিলেন, তখন সবাই তা মনোযোগ দিয়ে শুনেছেন। প্রত্যেকেই যার যার বক্তব্য দেবেন ও শুনবেন, পরবর্তীতে বক্তব্য খণ্ডনের সুযোগ আছে। ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্য অব্যাহত রাখার নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করার চেষ্টা করলে বিরোধী বেঞ্চ থেকে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদসহ কয়েকজন সদস্য দাঁড়িয়ে কথা বলতে থাকেন এবং অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকেও এ সময় দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপকে উদ্দেশ্য করে বলেন, আপনার বক্তব্যের সময় সকলেই সুন্দরভাবে শুনেছেন। আপনার দলের অন্যান্য সদস্যদের বক্তব্য শোনার জন্য বিনয়ের সাথে বলা আপনার দায়িত্ব। পাশাপাশি তিনি সংসদ সদস্য হান্নান মাসুদের নাম ধরে বারবার সতর্ক করে বলেন, হান্নান মাসুদ সাহেব, আপনার বক্তব্যের সুযোগ আছে, আপনি বসুন। এভাবে সংসদে কথা বলা সমীচীন নয়।
ডেপুটি স্পিকারের দফায় দফায় অনুরোধ ও হস্তক্ষেপের পর অধিবেশন কক্ষের পরিস্থিতি কিছুটা শান্ত হলে সংসদের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




