চট্টগ্রাম বন্দর কোন বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নাই বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) অথবা সরকারের অনুমোদনে শুধুমাত্র বন্দরের টার্মিনাল পরিচালনার লক্ষ্যে অপারেটর নিয়োগ করা হয়। এক্ষেত্রে দেশি এবং বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনা যোগ্য।
মন্ত্রী জানান, বর্তমানে বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অব্যাহত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশি অপারেটর দ্বারা বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। যেমন বন্দরের পতেঙ্গা কনটেনার টার্মিনাল টার্মিনাল এ বিদেশি অপারেটর পরিচালনার দায়িত্ব পালন করছেন। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কস্থ মার্কস গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি একজন চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড এবং সংস্থার কর্মকর্তা/কর্মচারী দ্বারা পরিচালিত। সরকার সময় সময় যেসব নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিপালন করে থাকে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারাদেশে নদ-নদীর মোট ২১ হাজার ৯৮২ জন অবৈধ দখলদার রয়েছে। নদ-নদীর অবৈধ দখলদার উচ্ছেদের কর্মপরিকল্পনা পাঠাতে সব জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে। সারাদেশে নদ-নদীর অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পেলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিএনপির এমপি মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমানে চলাচল উপযোগী ৪৭টি ফেরি আছে। এর মধ্যে রো-রো ফেরী ১২ টি, মিডিয়াম ফেরী-১৬টি, ইমপ্রভড মিডিয়াম ফেরি-৮, ইউটিলিটি ফেরী-১১টি।
তিনি বলেন, বিআইডব্লিউটিসি-র জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ৬টি ইউটিলিটি ফেরি নির্মাণাধীন রয়েছে। যা আগামী জুনের মধ্যে ট্রাফিকে সংযুক্ত হবে। এছাড়া পুরাতন ফেরি প্রতিস্থাপন কল্পে আরও ১৫টি মিডিয়াম ফেরি ও ৫টি ইউটিলিটি ফেরি এবং উপকূলীয় অঞ্চলে চলাচলে উপযোগী ২টি রোপ্যাক্স ফেরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিএনপি দলীয় এমপি এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রী বলেন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করতে বন্দরের জেটি হতে ঢাকা-কুয়াকাটা রোডের সংযোগ স্থাপনের জন্য আন্ধারমানিক নদীর উপর ৪ লেনের ব্রিজ এবং ৬ লেনের টার্মিনাল সংযোগ সড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের প্রথম দিকে হতে বন্দরটি পুরোপুরি চালু হবে আশা করা যাচ্ছে।
যক্ষ্মা রোগীর সংখ্যার আধিক্যে বাংলাদেশ অন্যতম
চট্টগ্রাম-১২ আসনের সরকার দলীয় এমপি মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মাকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার পর থেকেই বাংলাদেশ সরকার যক্ষ্মার প্রকোপ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য, অপুষ্টি, ধূমপান, ডায়াবেটিস, মেলিটাস, অতিরিক্ত জনসংখ্যার ঘনত্ব এবং সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে যক্ষ্মা সংক্রমণ বৃদ্ধি পায়।
মন্ত্রী বলেন, যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ঔষধ ও ডায়াগনস্টিক সরঞ্জাম নিশ্চিককরণের জন্য দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অনুদানের পাশাপাশি সরকারি অর্থায়ন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ৩ হাজার ১৪২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে।
সরকার দলীয় এমপি লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
কাওমি শিক্ষার মান আলিয়ার সমমানে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের মান আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের মানের সমমনা বিবেচনা করে দাখিল, আলিম, ফাজিল ও কামিলের মত পুনঃনির্ধারিত হলে অর্থাৎ কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সনদের মানকে সমমান হিসেবে বিবেচনা করে প্রজ্ঞাপন জারি করা হলে তখন তাদের জন্য সরকারি চাকরি তথা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হবে।
বিরোধী দলীয় এমপি শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ জন্য প্রতিটি মসজিদের অনুকূলে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার হতে পরিশোধ করা হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য মসজিদ কমিটির উদ্যোগে দান-অনুদান থেকে পরিশোধ করা হয়ে থাকে।
বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, দেশের ৪ হাজার ৯০৮ টি মসজিদের প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের আর্কাইভ তৈরিতে বরাদ্দ দেওয়া হয়নি
হাসনাত আব্দুল্লাহের প্রশ্নের জবাবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আর্কাইভ তৈরির জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়নি এবং এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়নি। তবে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য ডক্যুমেন্টারি নির্মাণের জন্য বরাদ্দকৃত বাজেট হতে সরকারি ক্রয়বিধি অনুসরণপূর্বক ১৯টি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। এ কাজে ৫ কোটি ২৩ লক্ষ ৭২৩ টাকা ব্যয় হয়েছে।
এমপি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

