রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি: ভারপ্রাপ্ত স্পিকারের সাক্ষাৎ চাইবে কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি: ভারপ্রাপ্ত স্পিকারের সাক্ষাৎ চাইবে কমিশন
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সাক্ষাতের পর খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

সচিব বলেন, ‘নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের কাছে সময় চেয়ে সাক্ষাৎ করে থাকেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন।’

এর আগে রোববার সকাল ১১টায় নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসে কমিশন। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিদ্যমান আইন ও বিধিমালা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে তফসিল ঘোষণার আগে ও পরের করণীয় নির্ধারণে স্পিকারের সঙ্গে সার্বিক আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন ও নিয়মানুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ উদ্দেশ্যে সংসদ সচিবালয় থেকে নির্বাচিত সংসদ সদস্যদের চূড়ান্ত তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হবে। প্রাপ্ত তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা (ইলেক্টোরাল রোল) প্রস্তুত করবে। এরপরই কমিশন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন