দেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি এক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ এর সাফল্য উদযাপন করেছে গ্রামীণফোন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে এই অনুপ্রেরণামূলক উদ্যোগটি উদযাপন করে অপারেটরটি। ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রতিভাবান তরুণদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিংয়ে সুযোগ তৈরি এবং যথাযথ দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়িক ও আর্থিক সাফল্যকে বেগবান করা।
দেশের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবে রূপ দিতে ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ উদ্যোগটি নেওয়া হয়। এই উদ্যোগের আওতায় দেশব্যাপী ২০টি অঞ্চলে নিবিড় প্রশিক্ষণ কর্মশালার (বুটক্যাম্প) মাধ্যমে ৫ হাজার ২শ’র বেশি স্টার্টআপকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যা বাংলাদেশের উদ্যোক্তা গড়ে তোলার পরিবেশকে সুগম করেছে।
গালা নাইটে দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন বিজয়ী স্টার্টআপের সাফল্য উদযাপন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩০ জন কমিউনিটি বিল্ডারের অসামান্য ভূমিকাকে স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এসময় বিজয়ী উদ্যোক্তাদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট উদ্যোক্তা ও সংশ্লিষ্টজনরা । কীভাবে এই কর্মসূচি উদ্যোক্তা হওয়ার যাত্রাকে সফল করেছে অনুষ্ঠানে বিজয়ীরা তাদের সেসব অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

