আওয়ামী লীগ দলের ও ব্যক্তি স্বার্থে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিজের স্বার্থে বিডিআরের নির্দোষ সদস্যদের কোরবানি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কারা নির্যাতিত পরিবারের সদস্যদের আয়োজনে পিলখানা হত্যাকাণ্ড মামলায় পুনঃতদন্ত ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি কারাগারে থাকা অবস্থায় নিয়মিত বিডিআর সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি। সাক্ষাতের অনেক নোট আমার কাছে আছে। সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই আমি কথা বলছি। হবিগঞ্জের বিডিআর সদস্য রিয়াজ হোসেন চৌধুরী। সে মামলার ৩১২ নম্বর আসামি। তিনি মেজর শফিকুল ইসলামের বডিগার্ড ছিলেন। বিদ্রোহের সময় জীবনের ঝুঁকি নিয়ে শফিকুল ইসলামের স্ত্রী তাকে পালাতে সহযোগিতা করে। যাতে তিনি নিরাপদে বের হতে পারেন। শুধু রিয়াজ না তাদের মতো শত শত বিডিআর সদস্য জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে। এই সকল নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছে।’
তিনি আরও বলেন , ‘এই সকল নিরীহ মানুষকে নিপীড়ক সরকার নিজের স্বার্থে কোরবানির খাসি বানিয়েছে। তাদের বলি দেওয়া হয়েছে। এখন যেভাবে চলছে সেটি যদি চলতে থাকে তাহলে কোরবানির খাসিদের রক্ষা করতে পারব না। আমাদের দায়িত্ব রয়েছে এই সকল ভাই-বোনদের প্রতি, যারা আমাদের রক্ষায় জীবন ঝুঁকি নিয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর।’
শহিদুল আলম বলেন, কারা এসেছিল, কারা এ হত্যায় জড়িত, সব আমাদের জানা রয়েছে। এতোগুলো মানুষকে যারা অত্যাচার করেছে। যে ভাই-বোনেরা নির্দোষ তাদের প্রতি এই অত্যাচার করা হচ্ছে এটা কী করে সহ্য করব। বিচারক নিজেই বলেছেন মামলায় যে কথা বলা হয়েছে একটারও কোনো প্রমাণ নেই। আমরা চাই সুবিচার। নতুন কমিশন প্রকৃত তদন্ত করে নির্দোষ যাদের এখনো জেলে রাখা হয়েছে তাদের প্রতি ন্যায়বিচার দিতে হবে।
পিলখানা হত্যা মামলায় গঠিত কমিশনের প্রজ্ঞাপনের (ঙ) ধারা ধারা বাতিলের দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো। তারা বলেন‘ এ ধারা থাকলে কমিশন কখনোই সঠিক ও সুষ্ঠু তদন্ত করতে পারবে না। যারা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে তাদের প্রতি অন্যায় করা হবে। কারণ কারাগারে থাকা বিডিআর সদস্যরা নিরপরাধ।’
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ১৯ জানুয়ারীর মধ্যে কারাবিন্দী বিডিআর সদস্যদের মুক্তি না দিলে আবারো মাঠে নামবে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

