এল নিনোর প্রভাবে এবার উষ্ণ শীতের শঙ্কা, কমছে তাপমাত্রা

এল নিনোর প্রভাবে এবার উষ্ণ শীতের শঙ্কা, কমছে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে আগামী পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় রাত ও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে এল নিনোর প্রভাবে আসন্ন শীত মৌসুমে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দেশের উত্তরাঞ্চলে রাত ও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে, যা সময়ের সঙ্গে বাড়তে পারে। তবে এল নিনোর প্রভাবে এবার শীতকালে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তাঁর ধারণা, অন্যান্য বছরে শীতকালে তাপমাত্রা ১১ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও এবার তা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ১৪ অক্টোবর প্রকাশিত দক্ষিণ এশিয়ার মৌসুমি পূর্বাভাসেও অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে এ অঞ্চলের অধিকাংশ স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী এল নিনো পরিস্থিতি এ সময়ে অব্যাহত থাকতে পারে। তবে অঞ্চলভেদে আবহাওয়ার প্রভাব ভিন্ন হতে পারে।

আবহাওয়াবিদ ড. মল্লিক বলেন, এখনই শীতের তীব্রতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি। আগামী কয়েক দিনের তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করেই শীতের প্রকৃতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন